বিবাদে জড়ালেন আলিয়া-ববি!

বিবাদে জড়ালেন দুই প্রজন্মের দুই তারকা অভিনয়শিল্পী ববি দেওল ও আলিয়া ভাট। ‘আলফা’ সিনেমার শুটিং সেটে এ ঘটনার সূত্রপাত্র। এ বিষয়ে একটি সূত্র বলেন, “অ্যানিমেল’ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে দারুণ সম্পর্ক গড়ে উঠলেও ‘আলফা’ সিনেমার শুটিং সেটে রণবীরের স্ত্রী আলিয়ার সঙ্গে তেমন সম্পর্ক গড়ে ওঠেনি ববি দেওলের। শুটিং চলাকালীন তারই ছায়া পড়েছে। সিনেমাটির শেষ পর্যায়ের শুটিং চলাকালীন আলিয়া ভাট ও ববি দেওলের সম্পর্কে টানাপড়েন তৈরি হয়েছে।”
ববির সঙ্গে বিরোধের কারণ ব্যাখ্যা করে সূত্রটি বলেন, “আলফা’ সিনেমার শুটিংয়ের সময়ে আলিয়া ভাট তার অভ্যাসমতো নানা সৃজনশীল মতামত দেওয়াকে কেন্দ্র করে সমস্যা শুরু হয়। এমনকি, ববির দৃশ্য নিয়েও অভিনেত্রী পরামর্শ দিচ্ছিলেন। এক সময় বিষয়টি নিয়ে আপত্তি জানান ববি দেওল। ধীরে ধীরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, শুটিং নির্বিঘ্নে শেষ করতে হস্তক্ষেপ করতে হয় প্রযোজক আদিত্য চোপড়াকে।”
ববি দেওল ও আলিয়া ভাটের বিবাদ নিয়ে বলিপাড়ায় চর্চা চলছে। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি এই দুই তারকার কেউই। ‘আলফা’ সিনেমায় ‘স্পাই ইউনিভার্স’-এর কেন্দ্রীয় দুই সুপার-এজেন্টের ভূমিকায় থাকছেন নারী। সুপার-এজেন্টের দুই চরিত্রে দেখা যাবে আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘকে।অন্যদিকে তাদের প্রধান প্রতিপক্ষের ভূমিকায় রয়েছেন ববি দেওল। সিনেমাটি পরিচালনা করছেন শিব রাওয়াল। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।