বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে ওরিয়েন্টেশন

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় অংশীজনদের নিয়ে এক ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সদর উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইউনিসেফের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুস সামার কলেজের অধ্যক্ষ তোহুরুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এএসআই রক্সি খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মণ্ডল এবং মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের সুপারভাইজার আবু সউদ মো. আব্দুল অদুদসহ অন্যরা। ওরিয়েন্টেশনে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য ও সমাজকর্মী, যুব প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় আরো বলা হয়, চাঁপাইনবাবগঞ্জকে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতামুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে হলে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। এ লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগ এবং সামাজিক উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।