বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় অংশীজনদের সঙ্গে সংলাপ সভা

বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, কিশোর-কিশোরী ও অংশীজনদের সঙ্গে এক সংলাপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার যাদুপুর দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। যাদবপুর দুর্গাপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য মনোয়ারা খাতুন ও গোলাম মোস্তফা, একই স্কুলের সহকারি প্রধান শিক্ষক নুর হোসেন, সহকারী শিক্ষক আব্দুর রহমান, অভিভাবক জুল্লি রানী ও আব্দুল হালিম সহ অন্যরা। স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (ঝঝইঈ) প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠিত এ সংলাপে সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি পেশাজীবী, শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী, এনজিও প্রতিনিধি, যুব প্রতিনিধি এবং ১২- ১৮ বছর বয়সী শিশু-কিশোররা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এসব সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় নেতৃত্ব এবং সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। বিশেষ করে অভিভাবক ও পুরুষদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা শিশু সুরক্ষা নিশ্চিত করতে করণীয় বিষয়ে মতামত দেন এবং স্থানীয় পর্যায়ে প্রতিরোধমূলক উদ্যোগ জোরদারের আহ্বান জানান। বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং শিশু অধিকার রক্ষায় বাস্তবভিত্তিক সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সভা শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতামুক্ত সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।