পাকিস্তান বয়কট করলেও ম্যাচের দিন শ্রীলঙ্কায় যাবে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে অনিশ্চয়তার মাঝেও নির্ধারিত সূচি ও নিয়ম মেনেই এগোচ্ছে ভারত। পাকিস্তান সরকার ১৫ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের এই ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিলেও ভারতীয় দল শ্রীলঙ্কা সফর করবে এবং সব ধরনের আইসিসি প্রটোকল অনুসরণ করবে বলে সোমবার (০২ ফেব্রুয়ারি) জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সূত্রের বরাতে জানা গেছে, ভারতের জাতীয় ক্রিকেট দল নির্ধারিত সময়েই শ্রীলঙ্কায় পৌঁছাবে। অনুশীলন সেশন, সংবাদ সম্মেলনসহ ম্যাচপূর্ব সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে তারা। ম্যাচের দিন স্টেডিয়ামেও উপস্থিত থাকবে ভারতীয় দল। এরপর ম্যাচ রেফারির আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে খেলা হবে কি না, তা নির্ধারণ করবেন তিনি।

এই সিদ্ধান্তের পটভূমিতে রয়েছে পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক ঘোষণা। তারা জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ অংশ নিলেও ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে দল মাঠে নামবে না। যদিও এই সিদ্ধান্তের পেছনে কোনো নির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি। এদিকে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, পুরো পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর সঙ্গে আলোচনা চলবে এবং আইসিসির নির্দেশনার অপেক্ষায় থাকবে ভারত।

ফর্মের বিচারে ভারত বিশ্বকাপে যাচ্ছে বেশ আত্মবিশ্বাসী হয়ে। সম্প্রতি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউ জিল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়েছে তারা। বিপরীতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড বেশ হতাশাজনক। এই টুর্নামেন্টে দু’দল আটবার মুখোমুখি হয়েছে, যেখানে ভারত জিতেছে সাত ম্যাচে, পাকিস্তানের জয় মাত্র একবার। পাকিস্তানের এই অবস্থানের পেছনে রয়েছে সাম্প্রতিক বাংলাদেশ-আইসিসি বিরোধ। নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে তাদের বদলি হিসেবে অন্তর্ভুক্ত করে। বিষয়টি দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ায়। গ্রুপ ‘এ’-তে বর্তমান চ্যাম্পিয়ন ভারত রয়েছে নামিবিয়া, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সঙ্গে। ভারতের সূচি অনুযায়ী- ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ১২ ফেব্রুয়ারি নেদারল্যান্ডস ও ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে। আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে।