নৈতিকতার প্রথম সোপান ধর্মীয় মূল্যবোধ: জেলা প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ বলেছেন, নৈতিকতার প্রথম সোপান হচ্ছে ধর্মীয় মূল্যবোধ। নীতি-নৈতিকতাবোধ ছাড়া প্রকৃত মানুষ গড়ে ওঠে না।
বুধবার সকালে জেলা প্রশাসন পরিচালিত কালেক্টরেট ইংলিশ স্কুলের বার্ষিক ক্রীড়া, বনভোজন ও পুরস্কার বিতরণ–২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কালেক্টরেট ইংলিশ স্কুল ও গ্রিন ভিউ স্কুলকে মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় জেলা প্রশাসন। শুধুমাত্র ইংরেজি শেখানোই শিক্ষার লক্ষ্য নয়; শিক্ষার্থীদের মানবিক, নৈতিক ও বহুমাত্রিক দক্ষতা অর্জন জরুরি। এ ক্ষেত্রে মাতৃভাষার ওপর গুরুত্ব দিতে হবে।
জেলা প্রশাসক বলেন, অতীতে অনেক মেধাবী শিক্ষার্থী নৈতিকতা হারিয়ে নেতিবাচকভাবে আলোচনায় এসেছে। বাংলাদেশ চায় নীতিনৈতিকতাসম্পন্ন, দায়িত্বশীল ও মেধাবী নাগরিক। শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় প্রয়োজন।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, না জানা কোনো অপরাধ নয়; তবে ভুল উত্তর দেওয়া অপরাধ। শিক্ষার্থীদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার মানসিকতা থাকতে হবে।
কালেক্টরেট ইংলিশ স্কুলের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা. রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাইস প্রিন্সিপাল মো. সাদিকুল ইসলাম।
আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।