নাচোলে অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে অবস্থিত মন্ডল ফিলিং স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সুলতানা রাজিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, নতুন এ ব্যবস্থার আওতায় প্রতিটি মোটরসাইকেলকে ৫ দিনের জন্য ৫০০ টাকার জ্বালানি তেল দেওয়া হবে। এছাড়া পেট্রোলচালিত স্প্রে মেশিনের জন্য ৩০০ টাকার তেল সরবরাহ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মো. রেজাউল করিমসহ স্থানীয় কর্মকর্তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাচোল উপজেলা সদরের সুইটি ফিলিং স্টেশনটি মালিকদের পারিবারিক বিরোধের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা। ফিলিং স্টেশনটি দ্রুত চালুর দাবিতে গত ৬ এপ্রিল এলাকাবাসী মানববন্ধনও করেন।

বর্তমানে ওই স্টেশন বন্ধ থাকায় নাচোলের চালকদের দূরবর্তী এলাকা থেকে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে। এ অবস্থায় অ্যাপভিত্তিক জ্বালানি সরবরাহ কার্যক্রম কিছুটা স্বস্তি এনে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।