নতুন স্টেডিয়ামে মেসির প্রথম গোল তবুও আক্ষেপ মায়ামির

মিয়ামির নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে গোল করে মুহূর্তটিকে স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। তবে ইন্টার মিয়ামি অস্টিন এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে। ২৬ হাজার দর্শক ধারণক্ষমতার নতুন ন্যু স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম মালিক ডেভিড বেকহ্যামসহ অনেক তারকা। বহু বছরের চেষ্টার পর মিয়ামিতে স্থায়ী ঘর পাওয়ার স্বপ্ন পূরণ হওয়ায় আবেগাপ্লুত হন বেকহ্যাম। তিনি বলেন, “এই স্টেডিয়ামকে জীবন্ত হতে দেখা খুবই বিশেষ মুহূর্ত। এটা আমাদের জন্য স্বপ্নপূরণ। উৎসবমুখর পরিবেশে শুরু হলেও ম্যাচে চমক দেখায় অস্টিন। মাত্র ছয় মিনিটে গুইহার্মে বিরো কর্নার থেকে হেড করে অস্টিনকে এগিয়ে দেন, অ্যাসিস্ট করেন ফাকুন্ডো টরেস। পিছিয়ে পড়া মিয়ামির হয়ে দ্রুতই জবাব দেন মেসি। ইয়ান ফ্রে’র ক্রস থেকে হেড করে গোল করে ম্যাচে সমতা ফেরান মেসি। এরপর বল দখলে আধিপত্য বিস্তার করলেও গোলের দেখা পায়নি মিয়ামি। বরং ৫৩তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে আবারও এগিয়ে যায় অস্টিন। জোসেফ রোসালেস বাড়ানো পাসে জেইডেন নেলসন গোল করে অস্টিনকে আবারও লিড উপহার দেন। পিছিয়ে পড়ার পর কোচ জেভিয়ার মাশ্চেরানো ৭৩তম মিনিটে মাঠে নামান অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজকে। ৮১তম মিনিটে সুয়ারেজের কল্যাণে সমতায় ফেরে মিয়ামি। মেসির কর্নার থেকে বল পেয়ে পোস্টের কাছ থেকে জালে পাঠান তিনি। শেষদিকে সুয়ারেজ আরেকটি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। ফলে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।