দেশজুড়ে শুরু হচ্ছে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট

দেশের সবচেয়ে বড় স্কুল ক্রিকেট উৎসব ফের শুরু হতে যাচ্ছে। প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট এবার একাদশবারের মতো আয়োজন হচ্ছে। ৬৪ জেলার ৩৫০টি স্কুল অংশগ্রহণ করবে, খেলবে প্রায় ৮,৭০০ ক্রিকেটার এবং মোট ৬৫১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ের খেলা শুরু হবে শুক্রবার, ১০ এপ্রিল থেকে। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের নতুন আসর উদ্বোধন করা হয়। একই সঙ্গে জার্সি উন্মোচন এবং স্কুল ক্রিকেটের বৃত্তি প্রাপ্ত ২৫ ক্রিকেটারকে পুরস্কৃত করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় অধিনায়ক ও জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার, জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, জাতীয় ক্রিকেটার তাওহিদ হৃদয় এবং প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী।

হাবিবুল বাশার বলেন, ‘স্কুল ক্রিকেট শুধুমাত্র ভবিষ্যতের ক্রিকেটার তৈরির জায়গা নয়, এটি শিশুদের মনের আনন্দের মাধ্যম। আমরা চাই আরও বেশি ছেলেরা খেলুক, প্রতিটি স্কুল অংশগ্রহণ করুক এবং প্রতিদ্বন্দ্বিতা ফিরিয়ে আনা হোক।’ তিনি ফাইনাল ম্যাচটি মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনার কথাও জানান। প্রাইম ব্যাংকের নাজিম এ চৌধুরী বলেন, ‘আমরা স্কুল ক্রিকেটের পাশে থাকব যতদিন সম্ভব। শুধু ছেলে নয়, মেয়েদের স্কুল ক্রিকেটেও অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।’

তাওহিদ হৃদয় আবেগ প্রকাশ করে বলেন, ‘আমার ক্রিকেট যাত্রা শুরু হয়েছিল স্কুল ক্রিকেট থেকে। বগুড়া পুলিশ লাইন্স হাই স্কুলে খেলেছি, চার বছর খেলেছি এবং একবার চ্যাম্পিয়ন হয়েছিলাম। স্কুল ক্রিকেটই অনেক ক্রিকেটারের পাথেয়।’

নাজমুল হোসেন শান্তও অভিজ্ঞতা শেয়ার করেন, ‘স্কুল ক্রিকেট থেকে আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ পাওয়া যায়। ভবিষ্যতে স্কুল ক্রিকেটের সেরা খেলোয়াড়দের বিদেশেও খেলানোর ব্যবস্থা করা উচিত।’ এ বছর বৃত্তিপ্রাপ্ত ক্রিকেটারদের সংখ্যা ১৫ থেকে ২৫-এ বৃদ্ধি করা হয়েছে, আর্থিক পরিমাণ ৬০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা।