তুরস্কে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করল ইরান

আসন্ন ওয়াল্ড কাপ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ইরান জাতীয় ফুটবল দল। তবে অংশগ্রহণ ও ম্যাচ ভেন্যু নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও নিরাপত্তা শঙ্কার কারণে নিজেদের ম্যাচ অন্য আয়োজক দেশ মেক্সিকো বা কানাডায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল ইরান। তবে সূচি পরিবর্তন সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে ফিফা।
এই পরিস্থিতির মধ্যেই তুরস্কে অনুশীলন শুরু করেছে দলটি। দক্ষিণ তুরস্কের আনতালিয়ার বেলেক এলাকায় চলছে তাদের ক্যাম্প। অনুশীলন রাখা হয়েছে অনেকটা গোপনীয়তার মধ্যে, গণমাধ্যমের প্রবেশাধিকারও সীমিত করা হয়েছে।
আগামী শুক্রবার নাইজেরিয়া এবং পরবর্তী মঙ্গলবার কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইরান। মূলত এই দুটি ম্যাচকে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছে দলটি। দলটির হয়ে আলোচনায় আছেন ফরোয়ার্ড মেহদী তারেমি। অন্যদিকে স্কোয়াড থেকে বাদ পড়া স্ট্রাইকার সরদার আজমুনকে ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। সামাজিক মাধ্যমে একটি পোস্টের কারণে তাকে দলে না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে এই প্রীতি ম্যাচ দুটি জর্ডানে হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তন করে তুরস্কে নেওয়া হয়। সবমিলিয়ে যুদ্ধ, নিরাপত্তা শঙ্কা ও রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই বিশ্বকাপ প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ইরান।