তাণ্ডব  বাড়ছেই ভাঙছে ‘কেজিএফ’-এর রেকর্ড


মুক্তির পর থেকেই বক্স অফিসে তাণ্ডব দেখাচ্ছে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সিনেমা ‘ধুরন্ধর টু’। আদিত্য ধর পরিচালিত এই ছবিটি মুক্তির মাত্র ১২ দিনেই ভারতের অভ্যন্তরীণ বক্স অফিসে ৮৬৫ কোটির বেশি আয় করেছে।

এর মাধ্যমে দক্ষিণি সুপারস্টার যশ-এর কাল্ট ব্লকবাস্টার ‘কেজিএফ : চ্যাপ্টার টু’-এর রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি। বর্তমানে এটি হাজার কোটির ক্লাবে প্রবেশের দোরগোড়ায়।

বক্স অফিস বিশ্লেষণ অনুযায়ী, মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছে এই সিনেমা। প্রথম সপ্তাহেই আয় করে ৬৭৪ কোটির বেশি। দ্বিতীয় সপ্তাহের সোমবারেও আয় ছিল উল্লেখযোগ্য, প্রায় ১৯ কোটির বেশি। ১২ দিনের শেষে ভারতের বাজারে ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ৮৬৬ কোটির কাছাকাছি।

এর আগে এস এস রাজামৌলি পরিচালিত আরআরআর এবং ‘কল্কি ২৮৯৮ এডি’-এর রেকর্ডও ছাড়িয়ে গেছে এই ছবি।

সিনেমাটির সাফল্যের পেছনে এর টানটান গল্প ও শক্তিশালী অভিনয়কে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। করাচির অপরাধজগত ও রাজনৈতিক প্রেক্ষাপটে এক চরিত্রের উত্থানের গল্প দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করেছে। রণবীর সিং-এর পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন আর মাধবন, সঞ্জয় দত্ত এবং অর্জুন রামপাল।

বিশেষ উপস্থিতিতে রয়েছেন ইয়ামি গৌতম। এখন ছবিটির পরবর্তী লক্ষ্য ‘বাহুবলী টু’ এবং ‘পুষ্পা টু’-এর রেকর্ড ছোঁয়া। ইতিমধ্যেই আল্লু অর্জুন-সহ ইন্ডাস্ট্রির অনেকেই ছবিটির প্রশংসা করছেন।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা, বর্তমান গতি বজায় থাকলে শিগগিরই এই সিনেমা ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে আয়ের নতুন মাইলফলক গড়তে পারে।