জ্বালানি তেল পাচারকান্ডে ভোলাহাট ফিলিং স্টেশনের দুইজন আটক

ভোলাহাট উপজেলায় জ্বালানি তেল পাচারের ঘটনায় মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের দুইজনকে আটক করেছে পুলিশ| আজ দুপুর ১ টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের পরিচালক আব্দুল লতিফের ছোটভাই সাখাওয়াত হোসেন মজু এবং পাম্পের ম্যানেজার হৃদয়কে আটক করে ভোলাহাট থানা পুলিশ| পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোলাহাট ফিলিং স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে একটি তেলবাহী গাড়ি ইটভাটার ভেতরে প্রবেশ করে| সেখানে ড্রামের মাধ্যমে তেল খালাস করে ট্রলিতে তুলে পাচারের প্রস্তুতি চলছিল| পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পাচারচক্রের সদস্যরা গাড়ি ফেলে পালিয়ে যায়| পুলিশ ঘটনাস্থল থেকে তেলবাহী গাড়ি পাচারে ব্যবহৃত ট্রলি ও ভটভটিসহ মোট আটটি গাড়ি এবং ড্রাম জব্দ করে থানায় নিয়ে যায়| এদিকে অপরাধীদের গ্রেফতারের দাবিতে বেলা ১১ টার দিকে ভুক্তভোগী জনগণের আয়োজনে মেডিকেল মোড় চৌরাস্তায় মানববন্ধন করা হয়| তেলপাচারের সাথে জড়িত সকলকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের সময় বেঁধে দিয়ে দৃষ্টাত্মমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়| ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক জানান, মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের পরিচালক আব্দুল লতিফের ছোট ভাই সাখাওয়াত হোসেন মজু এবং পাম্পের ম্যানেজার হৃদয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে| তাদের বিরুদ্ধে তেল পাচারের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান|