জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলব

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে যোগদান করেছেন সাবেক এমপি হারুনুর রশীদ। সোমবার দুপুরে তিনি যোগদান করেন। এসময় জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ উপস্থিত ছিলেন। যোগদান করে হারুনুর রশীদ বলেন— জেলা পরিষদ একটি সেবামূলক প্রতিষ্ঠান। উন্নয়নে জেলা পরিষদ অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এখনো রাখবে। আমি আশা করব, জেলা পরিষদের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ করবেন। নিয়মিত অফিসে আসবেন। এই জেলা পরিষদকে আমি দুর্নীতিমুক্ত একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব। তিনি বলেন, এখানে অনেক কাজ করার সুযোগ আছে। আমি চাই, আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। এসময় জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা নজরুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।