জিতলে সুপার এইট, হারলেই বিদায় পাকিস্তানের

প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে জয়, এরপর যুক্তরাষ্ট্রকে হারানো, তবে সবশেষে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ। এমন ওঠানামার মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সুপার এইটে ওঠার ভাগ্য এখন ঝুলে আছে শেষ ম্যাচের ওপর।

কলম্বোর কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে আজ বিকেলে নামিবিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। গ্রুপ ‘এ’-তে এটিই তাদের শেষ ম্যাচ। সুপার এইট নিশ্চিত করতে হলে এই ম্যাচে অন্তত পরাজয় এড়াতেই হবে সালমান আলি আগার দলকে।

এখন পর্যন্ত তিন ম্যাচের সবকটি জিতে গ্রুপ ‘এ’ থেকে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। দ্বিতীয় দল হিসেবে শেষ আটে ওঠার লড়াইয়ে রয়েছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র।

চার ম্যাচে দুই জয় নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র। সমান দুই জয় থাকলেও তিন ম্যাচ খেলা পাকিস্তান নেট রান রেটে পিছিয়ে থাকায় রয়েছে তৃতীয় স্থানে।

এ অবস্থায় নামিবিয়ার বিপক্ষে জয় পেলেই যুক্তরাষ্ট্রকে টপকে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটের টিকিট নিশ্চিত করবে পাকিস্তান। তবে হারলে পরিস্থিতি হবে ভিন্ন। নেট রান রেটে আগে থেকেই পিছিয়ে থাকায় পরাজয় আরও বড় ধাক্কা দেবে তাদের সম্ভাবনায়। সেক্ষেত্রে তিন নম্বরেই থেকে বিদায় নিতে হবে।

কাগজে-কলমে শক্তির বিচারে নামিবিয়ার চেয়ে এগিয়ে পাকিস্তান। তবে আগের বিশ্বকাপে সহযোগী সদস্য দেশের বিপক্ষে হারের অভিজ্ঞতা তাদের সতর্ক রাখবে নিশ্চিতভাবেই। তাই মাইক হেসনের দল এই ম্যাচে বাড়তি মনোযোগ নিয়েই নামবে।

সুপার এইটের লড়াই সামনে রেখে একাদশে পরিবর্তন আনতে পারে পাকিস্তান। বাবর আজম, শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি বাদ পড়তে পারেন। সুযোগ পেতে পারেন খাওয়াজা নাফে, ফাখার জামান ও নাসিম শাহ।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ

সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম অথবা খাওয়াজা নাফে, শাদাব খান অথবা ফাখার জামান, উসমান খান (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, উসমান তারিক, আবরার আহমেদ।

নামিবিয়ার সম্ভাব্য একাদশ

ইয়ান ফ্রাইলিংক, লরেন স্টিনকেম্প, ইয়ান নিকোল লফটি-ইটোন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জেজে স্মিট, জেন গ্রিন (উইকেটরক্ষক), ডায়লান লেচার, রুবেন ট্রাম্পলম্যান, উইলেম মাইবার্গ, বার্নার্ড স্কোলজ, জ্যাক ব্রাসেল।