জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে।আজ রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে দেশটির নাগরিকরা ভোট প্রদান করছেন। এদিন এই নির্বাচনের মাধ্যমে জাপানের সংসদের নিম্নকক্ষের সদস্য নির্বাচন করা হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে নিম্নকক্ষের ৪৬৫টি আসনের জন্য মোট ১ হাজার ২৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে গত ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী সানাই তাকাচি সংসদ ভেঙে দিয়ে ৮ ফেব্রুয়ারি আগাম জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজের ব্যক্তিগত জনপ্রিয়তাকে পুঁজি করে ক্ষমতাসীন দলকে বিজয়ী করতেই আগাম নির্বাচনের পথে হেঁটেছেন তিনি। প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তাকাচি। মাত্র ৪ মাসের শাসনামলেই তিনি দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে প্রধানমন্ত্রী হিসেবে তাকাচির ব্যক্তিগত জনপ্রিয়তা থাকলেও তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) একাধিক কেলেঙ্কারির কারণে জনসমর্থন হারিয়েছে। বিশ্লেষকদের মতে, ভোটাররা তাকাচিকে পছন্দ করলেও এলডিপিকে কতটা সমর্থন দেবেন, তা এখনো অনিশ্চিত। সবশেষ জনমত জরিপে দেখা গেছে, এলডিপি ও জনতাবাদী জাপান ইনোভেশন পার্টির জোট সংসদের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের মধ্যে প্রায় ৩০০টি আসনে জয় পেতে পারে। এমন ফলাফল হলে গত বছর পার্লামেন্টের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানো এলডিপির জন্য এটি বড় ধরনের রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত হিসেবে বিবেচিত হবে। এদিকে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী তাকাচি করছাড় ও সরকারি ভর্তুকি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করেছেন। তবে সমালোচকদের মতে, এসব প্রস্তাব জাপানের ধীরগতির অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘিরে জাপানের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।