চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৭৭ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ, প্রাইভেট কার সহ যুবক গ্রেপ্তার

শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে বিজিবির দুই পৃথক অভিযানে ৫৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, একটি প্রাইভেট কার জব্দসহ আরাফাত শুভ নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে| গ্রেপ্তার যুবক নওগাঁর মান্দা থানার প্রসাদপুর শামুকখোল গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে| গতকাল দিবাগত গভীর রাতে গোয়েন্দা তথ্যে অভিযানগুলো চালানো হয়| বিজিবি জানায়, রাত ২টার দিকে শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রাম সংলগ্ন একটি প্রাইভেট কার থামিয়ে গাড়ীর বুট থেকে ২৮ বোতল ভারতীয় এস্কাফ সিরপা পাওয়া গেলে কার আরোহি শুভকে গ্রেপ্তার করা হয়| বিজিবি আরও জানায়, প্রায় এই সময় একই বিওপির অপর একটি টহলদল একই ইউনিয়নের বালিয়াদীঘি গ্রাম সংলগ্ন দীঘির পাড় নামক স্থানে অভিযান চালিয়ে ৫৪৯ বোতল এস্কাফ ডিএক্স সিরাপ জব্দ করে| এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়| আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এসব অভিযানে গ্রেপ্তার যুবক ও জব্দ নেশার সিরাপ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে| গত ৩ মাসে ৫৯ বিজিবির আওতাধীণ সীমান্ত হতে প্রায় সাড়ে ৪ হাজার বোতল ভারতীয় নেশার সিরাপ সহ ১৩ আসামী গ্রেপ্তার হয়েছে|