চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় উন্নয়ন বিষয়ক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান, পৌরসভা ডেভেলপমেন্ট প্ল্যান, ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান ও শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| আজ সকাল থেকে পৌরসভা মিলনায়তনে বিশ্বব্যাংকের সহায়তায় এবং এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়| কর্মশালায় মূল বিষয়বস্তু তুলে ধরেন এলজিইডি’র জেন্ডার স্পেশালিস্ট সাজেদা বেগম| কর্মশালার উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি ও মোখলেশুর রহমান, বিশিষ্ট চিকিৎসক ওমর ফারুক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল ওদুদসহ অন্যরা|
কর্মশালায় জানানো হয়, দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোকে উত্তর-পশ্চিম অঞ্চলের পৌরসভার সাথে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণ, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর বাবস্থাপনা গড়ে তোলাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য|
প্রথম পর্যায়ে প্রকল্পটি ৮১টি পৌরসভা এবং ৬টি সিটি করপোরেশনে বাস্তবায়িত হবে, যা বাংলাদেশের ৩৬টি জেলাকে অন্তর্ভুক্ত করেছে| প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২.১ কোটি মানুষ উপকৃত হবেন যার অর্ধেকই নারী|
কর্মশালায় জানানো হয়, প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত, সড়কবাতি উন্নয়ন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, ডাম্পিং স্টেশন, সুপার মার্কেট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, পৌরভবন নির্মাণসহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক উন্নয়ন করা হবে| বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্প সামাজিক ও পরিবেশগত দিক বিবেচনা করে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে পরিচালিত হবে|
কর্মশালায় পৌরসভার টাউন-লেভেল কোঅর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সদস্যবৃন্দ, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট পরামর্শকবৃন্দ, নগর পরিকল্পনাবিদ মো. সাইফুর রহমান, সামাজিক ব্যবস্থাপন বিশেষজ্ঞ এম.টি.এস মেহমুদ ও মো. হাসিবুল হক এবং অরুমিতা প্রসাদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীব ও টাউন প্ল্যানার ইমরান হোসাইন উপস্থিত ছিলন|