চাঁপাইনবাবগঞ্জে শুরু জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-এর ৪৪তম আসর

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়াম (নতুন)-এ রোববার সকাল থেকে শুরু হয়েছে ২০২৫-২০২৬ মৌসুমের ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ। প্রথম ম্যাচে মুখোমুখি হয় পঞ্চগড় ও নীলফামারী জেলা দল।
টসে জিতে নীলফামারী প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে। জবাবে পঞ্চগড় দল ৯ উইকেটে ২১০ রান তুলে এক উইকেটের রোমাঞ্চকর জয় নিশ্চিত করে।
জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মো. মাহমুদুজ্জামান জানান, রাজশাহী, মাগুরা, খুলনা, নোয়াখালী, চট্টগ্রাম, কিশোরগঞ্জ ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একযোগে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ভেন্যুতে অংশ নিচ্ছে নীলফামারী, পঞ্চগড়, নওগাঁ ও রাজবাড়ী জেলা দল।
তিনি আরও জানান, সোমবার নওগাঁ ও রাজবাড়ী জেলার মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে।