চাঁপাইনবাবগঞ্জে লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী উদযাপন

স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বর্ণিল আয়োজন করেছে বাবুডাইং আলোর পাঠশালা। রোববার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে কাব শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য তিনটি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। অন্যদিকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি এবং নবম, দশম ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য দুটি পৃথক বিভাগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চিত্রাঙ্কনের বিষয় ছিল জাতীয় শহীদ মিনার ও জাতীয় পতাকা। কুইজের বিষয় নির্ধারণ করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
কুইজ প্রতিযোগিতা শেষে দুপুর সাড়ে ১২টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। এতে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাবুডাইং আলোর পাঠশালা স্কাউট গ্রুপের সভাপতি আলী উজ্জামান নূর এবং সম্পাদক ও সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদসহ অন্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাব স্কাউট লিডার মেহেদী হাসান।
আলোচনা পর্ব শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, লর্ড ব্যাডেন পাওয়েল ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি ১৯০৭ সালে ইংল্যান্ডে স্কাউট আন্দোলনের সূচনা করেন। বর্তমানে তাঁর প্রবর্তিত স্কাউট আন্দোলন বিশ্বের ১৭৪টি দেশে কার্যক্রম পরিচালনা করছে।