চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৬৮ জন হজযাত্রীর প্রশিক্ষণ শুরু

চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৬৮ জন হজযাত্রীর হজবিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। দুই দিনে দুটি ব্যাচে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। তিনি তার বক্তব্যে হজযাত্রীরা ভালোভাবে হজব্রত পালন শেষে পরিবার-পরিজনের কাছে যেন ফিরে আসতে পারেন, সে জন্য মহান আল্লাহপাকের কাছে দোয়া কামনা করেন। এছাড়া তিনি সরকারি নিয়মনীতি অনুসরণ করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং হজযাত্রীদের জন্য প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপরিচালক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায় আরো অংশগ্রহণ করেন— ইসলামী ব্যাংক পিএলসির চাঁপাইনবাবগঞ্জ শাখার এসএভিপি মো. আবু সাঈদ আব্দুল্লাহ, হাব প্রতিনিধি মো. আবুল হোসাইন, নবাবগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইলিয়াস উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সৈয়দ সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মো. মুক্তার আলী এবং দোয়া পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলনা মো. আব্দুল মতিন।
জেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউন্ডেশন এই প্রশিক্ষণের আয়োজন করেছে। আজ দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণের মাধ্যমে শেষ হবে এবারের হজ বিষয়ক এই প্রশিক্ষণ।
অনুষ্ঠানের সভাপতি উপরিচালক গোলাম মোস্তফা জানান, জেলা থেকে এবার হজব্রত পালনের জন্য সৌদি আরবে যাবেন ১ হাজার ৬৮ জন হজযাত্রী। এর মধ্যে সরকারিভাবে ৬০ জন ও বেসরকারিভাবে ১ হাজার ৮ জন রয়েছেন। সরকারিভাবে হজযাত্রী যারা যাবেন, তাদের দেখভাল করবেন দুজন প্রতিনিধি। তারা হলেন— সদর উপজেলা সুপারভাইজার আব্দুল অদুদ ও শিবগঞ্জ উপজেলা সুপারভাইজার শরিফুল ইসলাম।