চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে ৫০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় আব্দুল হালিম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে তাঁকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। আজহ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ হায়দার আলী খোন্দকার আসামীর অনুপস্থিতিতে (পলাতক) আদেশ প্রদান করেন। দন্ডিত হালিম গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বিরামপাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে। একই মামলায় অপরাধ প্রমানিত না হওয়ায় অসিম নামে অপর আসামীকে বেকসুর খালাস প্রদান করে আদালত। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ বলেন, ২০২৩ সালের ২৯ ডিসেম্বর চৌডালা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চৌডাালা গ্রাম এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫০ গ্রাম হেরোইন সহ হাতেনাতে আটক হন হালিম। এ ঘটনায় পরদিন গোমস্তাপুর থানায় দু’জনকে আসামী করে মামলা করেন ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান।
২০২৪ সালের ২০ ফেব্রুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) ও ডিবি’র তৎকালীন উপ-পরিদর্শক মাহফুজুর রহমান দু’জনকেই অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। ৮ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত আজ পলাতক হালিমকে দোষী সাব্যস্ত করে এবং অসিমকে খালাস দিয়ে সাজা ঘোষণা করেন।