চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরো ১৭ শিশু হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জে কমছে না হামের প্রাদুর্ভাব। প্রতিদিন বেশ কিছু শিশু নতুন করে হামের উপসর্গ নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হচ্ছে। এ নিয়ে রীতিমত ভাবিয়ে তুলেছে স্বাস্থ্য বিভাগকে। জেলা প্রশাসনও বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। বৃহস্পতিবার সকালে জেলা হাসপাতালের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়েছে, গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। তাদেরকে হামবিষয়ক আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এই ১৭ জনের মধ্যে ১১ জন ছেলে ও ৬ জন মেয়ে শিশু রয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই হাসপাতালে পূর্বে রোগী ভর্তি ছিল ৬৭ জন। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ২৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং অবস্থার অবনতি হওয়ায় তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছে ৫৮ জন শিশু রোগী। হামের এই বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশীদ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে দিকনির্দেশনা দিয়েছেন। প্রসঙ্গত, হামের লক্ষণের মধ্যে রয়েছে— প্রথমে জ্বর হয় ও শরীর ম্যাজ ম্যাজ করে বা হালকা ব্যথা লাগে। প্রথম এক-দুই দিন তীব্র জ্বরও হতে পারে। চোখ-মুখ ফুলে উঠতে পারে। চোখ লাল হয়ে যেতে পারে, চোখ দিয়ে পানি পড়তে পারে। নাক দিয়ে পানি পড়তে পারে এবং হাঁচিও হতে পারে। শরীরে ছোট ছোট লালচে গুটি/ফুসকুড়ি দেখা দেয় এবং দ্রুতই তা সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। এ সময় বিশেষত শিশুরা কিছুই খেতে চায় না এবং ভীষণ দুর্বল হয়ে পড়ে।