চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গে আরও ২৭ শিশু হাসপাতালে ভর্তি

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রতিদিনই নতুন করে ২৫ থেকে ৩০ জন শিশু হামের উপসর্গ নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হচ্ছে, যা স্বাস্থ্য বিভাগকে উদ্বিগ্ন করে তুলেছে।

জেলা হাসপাতালের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের হাম আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নতুন ভর্তি হওয়া শিশুদের মধ্যে ১৬ জন ছেলে ও ১১ জন মেয়ে।

এর আগের দিনও একই সংখ্যক—২৭ জন শিশু—একই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।

এ বিষয়ে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী জানান, হামের পরিস্থিতি প্রশাসনের নজরে রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

হামের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে—জ্বর, শরীর ব্যথা, চোখ লাল হওয়া ও পানি পড়া, নাক দিয়ে পানি পড়া, হাঁচি এবং শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেওয়া, যা দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে। এ সময় শিশুরা সাধারণত দুর্বল হয়ে পড়ে এবং খাবারে অনীহা দেখা যায়।