চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অনূর্ধ্ব-১৪ বয়সী বালক-বালিকাদের জন্য মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

বুধবার বিকেলে জেলা স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার কর্মকার। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন প্রশিক্ষক মো. খালেকুজ্জামান।

এই কর্মসূচিতে মোট ৩০ জন সাঁতারু অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, ক্রীড়া সংগঠকসহ জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।