চাঁপাইনবাবগঞ্জে মাদক ইনজেকশন মামলায় কারবারির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে ২৫০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় মাহিদুর রহমান নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন করাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় মো. রিপন নামে অপর এক যুবককে বেকসুর খালাস দিয়েছে আদালত।
আজ বিকালে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ হায়দার আলী খোন্দকার দন্ডিত আসামীর অনুপস্থিতিতে এ আদেশ প্রদান করেন। দন্ডিত মাহিদুর শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শিবনগর কাইট্টাপাড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ বলেন, ২০২১ সালের ৭ জুলাই শিবগঞ্জের কানসাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিশ্বনাথপুর মুন্নাপাড়া গ্রামে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে দুইশত পঞ্চাশ এ্যাম্পুল (পিস) নেশাজাতীয় (মাদক) বুপ্রেনরফিন ইনজেকশন সহ হাতেনাতে গ্রেপ্তার হন মাহিদুর। এ ঘটনায় ওইদিন র্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান শিবগঞ্জ থানায় দু’জনকে আসামী করে মামলা করেন। ২০২১ সালের ৩১ আগষ্ট মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) জুয়েল ইসলাম দু’জনকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। ১৩ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানীর পর আদালত বুধবার একমাত্র মাহিদুরকে (পলাতক) দন্ডিত করে রায় ঘোষনা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড.মাসুদ রানা।