চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হাম: আজ দুপুর পর্যন্ত ভর্তি ৯৩ জন

চাঁপাইনবাবগঞ্জে হাম রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ভয়াবহ হারে বৃদ্ধি পাচ্ছে। আজ দুপুর ২টা পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৯৩ জন শিশুকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ১৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ভর্তি আছে ৭৭ জন শিশু। একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান এই তথ্য নিশ্চিত করে বলেন— স্মরণকালে হামের তীব্রতা অনেক বেশি। হুহু করে বাড়ছে রোগীর সংখ্যা। বাংলাদেশের ইতিহাসে বিশ বছর পর এমন অবস্থার সৃষ্টি হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে কোনো আসন খালি নেই। রাজশাহীর অবস্থাও খুব খারাপ।
ডা. রায়হান আরো বলেন— হামের রোগীদের পরীক্ষা রিপোর্ট তিন মাস পর পাওয়া যায়। তবে আমরা ধারণা করছি এরা সবাই হামে আক্রান্ত।
২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আব্দুস সামাদ বলেন— মাসখানেক থেকেই হামের উপদ্রব দেখা দিয়েছে। শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। আজ সকাল পর্যন্ত ৭১ জন রোগী ভর্তি ছিল। এদের মধ্যে দুয়েকজন বয়স্ক রয়েছেন। বাকি সবাই শিশু। হামের জন্য আলাদা কক্ষ ও চিকিৎসক ও নার্সদের আলাদা টিম করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, হামের লক্ষণের মধ্যে রয়েছে— প্রথমে জ্বর হয় ও শরীর ম্যাজ ম্যাজ করে বা হালকা ব্যথা লাগে। প্রথম এক-দুই দিন তীব্র জ্বরও হতে পারে। চোখ-মুখ ফুলে উঠতে পারে। চোখ লাল হয়ে যেতে পারে, চোখ দিয়ে পানি পড়তে পারে। নাক দিয়ে পানি পড়তে পারে এবং হাঁচিও হতে পারে। শরীরে ছোট ছোট লালচে গুটি/ফুসকুড়ি দেখা দেয় এবং দ্রুতই তা সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। এ সময় বিশেষত শিশুরা কিছুই খেতে চায় না এবং ভীষণ দুর্বল হয়ে পড়ে।