চাঁপাইনবাবগঞ্জে পৌরসভা : ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ড্রেন নির্মাণের সময় সীমানা প্রাচীর ধসে নাইরুল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ‎রবিবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন কোর্টপাড়া মহল্লায় প্রাচীরের দেওয়াল ধসে মর্মান্তিক এই ঘটনা ঘটে। ‎নিহত নাইরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের অরুনবাড়ী বেহুলা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।
‎স্থানীয়রা জানান, সকালে পৌরসভার ড্রেন নির্মাণের কাজ করছিলেন নাইরুল ইসলাম। কাজ করার সময় পাশের একটি বাড়ির সীমানা প্রাচীরের দেওয়াল হঠাৎ ধসে তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ‎চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।