চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় নেতাদের অংশগ্রহণে ৩ দিনব্যাপী শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ ও বাল্যবিয়ে মোকাবেলায় ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (SSBC) প্রকল্প, World Vision Bangladesh -এর আয়োজনে এবং UNICEF -এর সহযোগিতায় আয়োজিত এ কর্মশালাটি ২ থেকে ৪ মে পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ আলীনগরে অনুষ্ঠিত হয়|
কর্মশালায় ইমাম, কাজী, মাওলানা, পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন| এতে শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধে করণীয় এবং সামাজিক আচরণ পরিবর্তনে ধর্মীয় নেতাদের ভূমিকা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়| কর্মশালার প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার এ.বি.এম. জি. কিবরিয়া, দ্বিতীয় দিনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, এবং তৃতীয় দিনে নবাবগঞ্জ থানার নারী ও শিশু সেল এর এসআই মোসা. রক্সি খাতুন| এছাড়াও কর্মশালায় আরো উপস্থিত ছিলেন এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মণ্ডল, মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ| প্রশিক্ষণে বক্তারা বলেন, ধর্মীয় নেতারা সমাজে অত্যন্ত প্রভাবশালী ভূমিকা পালন করেন| তাদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করলে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ অনেকাংশে সম্ভব| বিশেষ করে খুতবা, ওয়াজ-মাহফিল এবং ধর্মীয় শিক্ষার মাধ্যমে জনগণের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া সহজ হয়| বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ এবং এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলে| তাই এ বিষয়ে সবাইকে সচেতন হয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে| প্রকল্প ব্যবস্থাপক উত্তম মণ্ডল কর্মশালায় বাল্যবিবাহের বর্তমান পরিস্থিতি, এর কারণ ও প্রতিরোধে করণীয় বিষয়গুলো তুলে ধরেন| তিনি সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান| কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা চাঁপাইনবাবগঞ্জকে বাল্যবিবাহ ও সহিংসতামুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন|