চাঁপাইনবাবগঞ্জে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সদর উপজেলা থেকে এক শিশু সন্তানের জননী গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবী গ্রামের নূর আলম ওরফে তপন নামে এক যুবকের স্ত্রী সালমা খাতুন। পুলিশ জানায়, গতকাল বিকালে স্বামীর বাড়ির নিজ শয়নকক্ষের ছাদের বাঁশের তীরের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মরদেহ উদ্ধারের সময় সালমার স্বামী, শ্বশুড় বা অন্য কেউ ওই বাড়িতে ছিলেন না। সালমার পিতা একই ইউনিয়নের দশরশিয়া পাইকড়পাড়া গ্রামের মহিউদ্দিন বলেন, দুপুরে সোয়া ১টার দিকে সালমার শ্বশুড় ফোনে সালমার অসুস্থতার খবর দিলে তাঁরা এসে দরজা খোলা ফাঁকা বাড়িতে মেয়ের মরদেহ ঝুলতে দেখেন। পরে পুলিশে খবর দেয়া হয়। সদর থানার ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক(এসআই) সেকেন্দার আলী বলেন, ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আজ থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন সালমার পিতা।