চাঁপাইনবাবগঞ্জে খেজুর বিতরণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে খেজুর বিতরণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে গোমস্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সৌদি আরব সরকারের পাঠানো উপহার খেজুর উপজেলার বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইছাহাক আলি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। এ সময় জনপ্রতিনিধি, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানাসহ মোট ৪৫টি প্রতিষ্ঠানে ১৬০ প্যাকেট খেজুর বিতরণ করা হয়।

এদিকে শিবগঞ্জ উপজেলায় আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. কেরামত আলী, যিনি অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবগঞ্জ পৌরসভার আমির আবু বকর সিদ্দিক, সহকারী সেক্রেটারি অধ্যাপক দুরুল হোদা, নায়েবে আমির আজিজ মাহমুদ ও সেক্রেটারি আব্দুর রউফ। ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহণ করেন।

অন্যদিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলায় অবস্থিত সরকার অটো রাইস মিলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র মতিউর রহমান খান, তারিক আহমদ, মিলের স্বত্বাধিকারী মুসলেহ উদ্দিন শিপলু সরকার, মেসার্স মামুন অটো রাইস মিলের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা জাকির খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ইফতার মাহফিলে মরহুম সফিকুল আলম পিন্টু সরকারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।