চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে হতাহতের ঘটনায় ২ জন গ্রেপ্তার

সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ জন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল গভীর রাতে সদর থানায় বিস্ফোরক আইনে মামলা করেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন। মামলায় ইউনিয়নের সাময়িক বরখাস্ত এবং হত্যাসহ একাধিক মামলার কারণে পলাতক চেয়ারম্যান শাহিদ রানা টিপুকে প্রধান আসামি করে ১০ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এতে অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
মামলার পর এলাকায় রাতভর যৌথ বাহিনীর অভিযানে এজাহারনামীয় ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন ফাটাপাড়া গ্রামের চাঁন মোহাম্মদের ছেলে ইউসুফ ও একই ইউনিয়নের গোঠাপাড়া গ্রামের ফজর আলীর ছেলে শাকিল। তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এবং সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আহত ৩ জন পুলিশ পাহারায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফলে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মোট ৫ জনকে। ঘটনার তদন্ত চলছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।