চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরীর সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরীর সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের একটি আধাপাকা বাড়িতে ককটেল তৈরীর সময় বিস্ফোরণে ঘটনাস্থলে দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সদর উপজেলার রানীহাটী ইউনিয়নের উপর ধুমিহয়াতপুর ধামার মোড় গ্রামের মোয়াজ্জেমের ছেলে আলামিন এবং শিবগঞ্জ উপজেলার গোড়াপাখিয়া ইউনিয়নের কুথুনিপাড়া গ্রামের মুনিরের ছেলে জিহাদ। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত: ৩ জন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন ফাটাপাড়া গ্রামের জেনারুল ইসলামের ছেলে মিনহাজ(২২),একই গ্রামের নজরুল ইসলামের ছেলে বজলুর রহমান(২০) এবং উপর ধুমিহায়াতপুর গ্রামের রাফিজুল ইসলামের ছেলে শুভ(২০)। আহতদের মধ্যে একজন হাসপাতালে মারা যাবার খবর শোনা গেলেও তা নিশ্চিত করে নি পুলিশ। স্থানীয় সূত্র, ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, আজ ভোর ৫টার দিকে ফাটাপাড়া গ্রামের মৃত মকবুলের ছেলে কালামের বাড়ির একটি ঘরে প্রচন্ড বিস্ফোরণে ঘরটির দেয়াল ভেঙ্গে পড়ে ও হতাহতের ঘটনা ঘটে। হতাহতরা সকলেই ককটেল তৈরীতে জড়িত ছিল। স্থানীয়রা প্রথমে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বিস্ফোরণে দেহ ও মুখমন্ডল ঝলসে বিকৃত হওয়ায় বিকাল ৩টার দিকে নিহতদের পরিচয় নিশ্চিত করে পুলিশ। ঘটনার পর খবর পেয়ে পুলিশের ডিআইজি রাজশাহী, পুলিশ সুপারসহ উর্ধ্বতণ কর্মকর্তা, র‌্যাব ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ডাকা হয়েছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায়য় বিজিবি মোতায়েন করা হয়। এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনার তদন্ত চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।