চাঁপাইনবাবগঞ্জের ৪ থানায় নতুন ওসি

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশে বড় ধরনের রদবদল করা হয়েছে। আজ এ তথ্য জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ। তিনি জানান, জনস্বার্থে ও দাপ্তরিক কাজের প্রয়োজনে পুলিশ সুপারের নির্দেশে এই রদবদল আনা হয়েছে। এর আগে, গত বুধবার পুলিশ সুপারের স্বাক্ষরিত এক আদেশে ওসিদের বদলি ও পদায়ন করা হয়। নতুন আদেশ অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নূরে আলমকে বদলি করে গোমস্তাপুর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিককে ভোলাহাট থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। ভোলাহাট থানার ওসি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসির দায়িত্ব পেয়েছেন। সদর মডেল থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) সুকোমল দেবনাথকে নাচোল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, জেলার ৫টি থানার মধ্যে চারটি থানার ওসি পদে রদবদল করা হয়েছে। শিবগঞ্জ থানার শীর্ষ পর্যায়ের পদটিতে এখনো রদবদল আসেনি।