চাঁদাবাজি-ছিনতাই বন্ধে পুলিশকে কঠোর হতে নির্দেশ আইজিপির

চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। তিনি বলেছেন, এসব অপরাধ দমনে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আজ সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনলাইন প্ল্যাটফর্মে সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়কালে এ নির্দেশনা দেন তিনি।
মতবিনিময়সভায় আইজিপি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে তৎপরতা বাড়াতে হবে।
আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নির্দেশনা দিয়ে পুলিশপ্রধান বলেন, ঈদে যানজট রোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো এবং ফিরে আসা নিশ্চিত করতে হবে।