চলতি বছর ৪ হাজার ৬৫৩টি স্থানীয় সরকারের নির্বাচন করবে ইসি

 

চলতি বছর ৪ হাজার ৬৫৩টি স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন উপযোগী হবে। ফলে এ বছরই নির্বাচনগুলো করতে হবে নির্বাচন কমিশনকে (ইসি)। আজ ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন। তারা বলছেন, দেশের ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদের মধ্যে এ বছর নির্বাচন উপযোগী হবে ৩ হাজার ৭৫৫টি। আগামী বছরে আরও ৩৪৯টি। এ ছাড়া ভেঙে দেওয়া ৩৩০ পৌরসভা, ৪৯৫ উপজেলা, ১২টি সিটি করপোরেশন ও ৬১ জেলা পরিষদ এখনই নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে।

কর্মকর্তারা বলছেন, নির্বাচন উপযোগী হলেও তা সরকারের ওপর নির্ভর করবে কখন ভোট হবে। কেননা, স্থানীয় সরকার ভোটগুলোর সিদ্ধান্ত সরকার নিয়ে থাকে। কমিশন কেবল ভোটের আয়োজন করে। তবে এরই মধ্যে ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি নির্বাচন করতে ইসিতে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এজন্য সব নির্বাচনের প্রস্তুতি রাখছে ভোট আয়োজনকারী সংস্থাটি।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন কমিশনের কোনো অবসর নাই। সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও অনেক স্থানীয় নির্বাচন আছে তা আয়োজন করতে হয়। সারা বছর ধরে নির্বাচন হবে। ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হবে।

তিনি আরও বলেন, দলীয় প্রতীক নাকি নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে তার জন্য সংসদের প্রথম অধিবেশনের জন্য অপেক্ষা করছি। আইন অনুযায়ী ভালো নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত থাকবে।