গোমস্তাপুর সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সাড়ে ২২ হাজার পিস ট্যাবলেট জব্দ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সীমান্তে বিজিবির ৩টি পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ২২ হাজার ৩৮৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৯১ বোতল এস্কাফ সিরাপ জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি।

বিজিবি জানায়, বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে, বিকাল সোয়া ৩টার দিকে এবং এর আগে ভোররাত সাড়ে ৩টার দিকে রোকনপুর বিওপির একটি ও চাড়ালডাঙ্গা বিওপির দুটি বিশেষ টহল দল নগরপাড়া এবং বেগপুর গ্রামের ঈদগাহ ও মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ওইসব মাদক জব্দ করে।

সন্ধ্যায় রোকনপুর বিওপি টহল দল নগরপাড়া এলাকা থেকে ৭,৪০০ পিস, এর আগে বিকেলে চাড়ালডাঙ্গা বিওপি টহল দল বেগপুর ঈদগাহ এলাকায় অভিযানে ১টি ব্যাগসহ ৯ হাজার ৯৯৮ পিস এবং এর আগে ভোররাতে চাড়ালডাঙ্গা বিওপি টহল দল বেগপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে জব্দ করে ৪ হাজার ৯৯০ পিস ট্যাবলেট ও ৯১ বোতল সিরাপ।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম অভিযানগুলোর সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত মাদক গোমস্তাপুর থানায় জমা করা হবে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি সজাগ রয়েছে বলেও তিনি জানান।