গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে শিশু ও নারীসহ ১৭ বাংলাদেশী আটক

গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে কারাভোগ শেষে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে ১৭ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। পরে তাঁদের জিডি করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়। আটকদের মধ্যে ৪ শিশু, ৫ নারী ও ৮ জন পুরুষ রয়েছেন। বিজিবি জানায়, আজ সকাল ৬টার দিকে চাড়ালডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৯ বাই ২৯ আর সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের পর সীমান্তের ৩ কিলোমিটার বাংলাদেশের ভেতরে শিবনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই ১৭ জনকে আটক করা হয়।
এদিকে এ ঘটনায় আজ সকাল ১১টায় সংশ্লিস্ট নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়ন সীমান্তে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে বিএসএফকে প্রতিবাদলিপি দিয়েছে। এছাড়া এ ব্যাপারে আগামী শুক্রবার সীমান্তে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আবারও পতাকা বৈঠক ডাকা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৬ বিজিবি অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
বিজিবি ও পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই বাংলাদেশীদের ৩ জন খুলনা ও ১৪ জন যশোর জেলার বাসিন্দা। বিগত ৫/৬ বছর যাবৎ তাঁরা ভারতের আগ্রা এলাকায় বসবাস করতেন। সেখানে পুর্লিশের হাতে আটকে পর আগ্রা কারাগারে প্রায় ৩ বছর কারাভোগ শেষে সম্প্রতি তাঁরা মুক্তি পান। এরপর ভারতীয় পুলিশ তাঁদের বিএসএফর নিকট হস্তান্তর করে। এরপর আজ সকালে পশ্চিমবঙ্গের মালদা জেলার ১২ বিএসএফ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্প তাঁদের বাংলাদেশে অনুপ্রবেশ করায়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচাজ (ওসি) আব্দুল বারেক বলেন, বিভিন্ন সময় কাজের সন্ধানে অবৈধভাবে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যাবার পর ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কারাভোগ শেষে তাঁদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। ওসি আরও বলেন, ওই বাংলাদেশীদের পুলিশ হেফাজতে উপজেলা পরিষদের ডাকবাংলোতে রেখে থাকা খাওয়ার ব্যবস্থা করে পরিচয় যাচাইের কাজ চলছে। পরিচয় নিশ্চিত হলে তাঁদের পরিবারের জিম্মায় দেয়া হবে।
উল্লেখ্য এর আগে গোমস্তাপুর সীমান্তে গত ২৮ ডিসেম্বর একই উপায়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের পর ৫ বাংলাদেশীকে আটক করেছিল বিজিবি।