গোমস্তাপুরে মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকবিরোধী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

সচেতন নাগরিক সমাজ বংপুরের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পুলিশের অবসরপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন। এতে বক্তব্য দেন শিক্ষক মনিরুল ইসলাম, স্থানীয় জামায়াত নেতা জামাল উদ্দিন, সমাজসেবক দেলোয়ার হোসেন, সাদিকুল ইসলাম টুটুল, বিএনপি নেতা গোলাম রাব্বানী রকি, শহিদুল ইসলামসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, বংপুর এলাকায় মাদকের বিস্তার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে এবং এলাকাটি মাদকের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। সহজলভ্যতার কারণে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে এখানে মাদক সেবন করছে। এলাকাবাসী বাধা দিলে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে বলেও অভিযোগ করা হয়।

সমাবেশ থেকে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়, যাতে যুবসমাজ মাদকের করাল গ্রাস থেকে রক্ষা পায়।

এর আগে একই স্থানে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।