গোমস্তাপুরে বিএমডিএ সেচ পাম্প পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

গোমস্তাপুরে বিএমডিএর সেচ পাম্প পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় নির্মিত সেচ প্রকল্পগুলো ঘুরে দেখেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিদর্শনের শুরুতে তিনি রহনপুর ইউনিয়নের তেতুলতলা এলাকায় অবস্থিত একটি সেচ পাম্প পরিদর্শন করেন। পরে একই ইউনিয়নের কাজিগ্রাম এলাকায় পুনর্ভবা নদী থেকে পানি উত্তোলনের মাধ্যমে পরিচালিত সেচ পাম্পের কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে তিনি বাঙ্গাবাড়ি ইউনিয়নের চুড়ইল বিল এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বিলটি খননের আশ্বাস দেন, যা বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আল মামুনুর রশীদ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, বিএমডিএ গোমস্তাপুর জোনের সহকারী প্রকৌশলী আব্দুল মান্নানসহ অন্যরা।

পরিদর্শন শেষে হারুনুর রশিদ রহনপুর উপজেলা ডাকবাংলোয় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি এলাকার উন্নয়ন ও কৃষি সেচ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান।