গোমস্তাপুরে তেল মজুত রাখার অপরাধে ফিলিং স্টেশনকে অর্থদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আবারো মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  বুধবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুরে ওই ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। তেল মজুত রাখার অপরাধে ওই ফিলিং স্টেশনকে এই অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী।
এর আগে তিনি গত ২৭ মার্চ একই অপরাধে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন এই ফিলিং স্টেশনকে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুরে মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। সেখানে গিয়ে দেখতে পান, ফিলিং স্টেশনটিতে জ্বালানি তেল বিক্রয় বন্ধ রয়েছে। অথচ স্টোরেজ যাচাই করলে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল মজুত রয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন বিচারক জাকির মুন্সী।
জাকির মুন্সী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। ফিলিং স্টেশনটিতে ৩ হাজার ২৬৯ লিটার মজুত থাকা সত্ত্বেও বিক্রয় কার্যক্রম বন্ধ রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তা আদায় করা হয়। পরে মজুতকৃত জ্বালানি পেট্রোল বিক্রয় কার্যক্রম শুরু করা হয়। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।