গোমস্তাপুরে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোমস্তাপুর উপজেলা থেকে মতিয়ারা ওরফে শিল্পী বেগম নামে এক গৃহবধুর সিলিং ফ্যানের সাথে গলায় রশির ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গোমস্তাপুরের আলীনগর ইউনিয়নের উত্তর মকরমপুর মধ্যপাড়া গ্রামের হেলিম আলীর স্ত্রী এবং শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গোপালনগর গ্রামের মৃত ওয়াজেদ আলীর মেয়ে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকালে স্বামীর বাড়িতে শাশুড়ির শয়নকক্ষের দরজা ভেতর থেকে আটকিয়ে ফাঁস দেন মতিয়ারা। পরে পরিবারের সদস্যরা ঘটনা টের পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙ্গে মতিয়ারাকে মৃত অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে মৃত্যুর ব্যাপারে মতিয়ারার বড়ভাই সিরাজুল ইসলাম আত্মহত্যা প্ররোচনার অভিযোগ তুলেছেন। ওসি আরও বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ।