গোমস্তাপুরে আরসিসি সড়ক নির্মাণের উদ্বোধন, পরিচ্ছন্নতা অভিযান ও শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজন

গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান।

রহনপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রহমতপাড়া (বাগানপাড়া) থেকে গোরস্থান পর্যন্ত প্রায় ৩৯৩ মিটার দীর্ঘ এ আরসিসি সড়কটি নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি-IUGIP) এর আওতায় বাস্তবায়নাধীন এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৬ লাখ ৯৩ হাজার ৪৭৬ টাকা।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জাকির মুন্সী, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু, লাইসেন্স পরিদর্শক সৈয়দ আবদুল মুকিত আপেলসহ উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একই দিনে রহনপুর পৌর এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযানেরও উদ্বোধন করা হয়। সকালে রহমতপাড়া এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য ড. মিজানুর রহমান। এ সময় পৌর ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচির লক্ষ্য হলো এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

এদিকে, রহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবাগত শিক্ষার্থীদের বরণ, বার্ষিক পুরস্কার বিতরণ, নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. মিজানুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ফাদার সুশান্ত ডি কস্তা, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমানসহ অন্যান্যরা।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থী শিয়াম ও শিখা মানপত্র পাঠ করেন। পরে আলোচনা শেষে পুরস্কার বিতরণ, সংবর্ধনা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।