গোমস্তাপুরে অবৈধ তেল মজুদ: স্টিয়ারিং গাড়ির চালককে জরিমানা

গোমস্তাপুরে অবৈধভাবে ডিজেল তেল মজুদ রাখার অপরাধে এক স্টিয়ারিং গাড়ির চালককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত চালক দুরুল, ভোলাহাট উপজেলার বারইপাড়া এলাকার আয়েশউদ্দিনের ছেলে।

জানা গেছে, রহনপুরের মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশনে তেল নিতে এসে চালকের গাড়িতে বোতল ও জারকিনে করে ডিজেল তেল মজুদ রাখা অবস্থায় দেখতে পান স্টেশন কর্তৃপক্ষ। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে চালককে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা প্রায় ১০ লিটার ডিজেল তেল জব্দ করা হয়। সরকারি নির্দেশ অমান্য করে তেল মজুদ রাখার অপরাধে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে সালমা রুমা জানান, চালকের আর্থিক অবস্থা বিবেচনায় জব্দকৃত তেল বাজেয়াপ্ত না করে তা গাড়ির ট্যাঙ্কে ঢেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাকে সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।