‘গডজিলা: মাইনাস জিরো’র টিজারেই বাজিমাত

বিখ্যাত মনস্টার ফিল্ম সিরিজ গডজিলার সবশেষ পর্ব ‘গডজিলা: মাইনাস জিরো’র টিজার ট্রেইলার প্রকাশ্যে এসেছে। মুক্তির ২৪ ঘণ্টার মধ্যে ইউটিউবে আড়াই মিলিয়ন ভিউ ছাড়িয়েছে নতুন এই টিজার। জাপানের টোহো কর্পোরেশনের বিখ্যাত মনস্টার সিরিজ গডজিলার এটি ৩৪তম সিনেমা। টোহোর ২০২৩ সালের সিনেমা ‘গডজিলা: মাইনাস ওয়ান’ এর সিক্যুয়েল ‘মাইনাস জিরো’। আগের সিনেমার দুই বছর পরের কাহিনী তুলে ধরা হয়েছে এবারে। গডজিলাকে দেখা যাবে নিউ ইয়র্কে এমন আভাস দেয়া হয়েছে টিজার ট্রেইলারে। ভিডিওর শেষ দৃশ্যে গডজিলা নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টির নিচ দিয়ে হেঁটে যাচ্ছে এমনটা দেখানো হয়েছে। নভেম্বরের ৩ তারিখ ‘গডজিলা: মাইনস জিরো’ মুক্তি পাচ্ছে জাপানে। আর তিনদিন পর ৬ নভেম্বর এটি মুক্তি পাবে যুক্তরাষ্ট্রে। ১৯৫৪ সালে মুক্তি পায় গডজিলার প্রথম সিনেমা। মুক্তির পরপরই দারুণ জনপ্রিয়তা পায় এই মনস্টার মুভি। রাতারাতি বিখ্যাত হয়ে ওঠে গডজিলা। এরপর নিয়মিতই পর্দার এই দানবকে নিয়ে সিনেমা বানাতে থাকে টোহো। প্রথম চার দশক শিশুতোষ ও জাপানি লোকগল্পের নানা চরিত্রের মিশ্রণে নির্মান করা হয় গডজিলার নানা পর্ব। ‘কিংকং ভার্সেস গডজিলা’, ‘মথরা ভার্সেস গডজিলা’, ‘গিদোরাহ, দ্য থ্রি হেডেড মনস্টার’, ‘গডজিলা ভার্সেস জাইগ্যান’, ‘গডজিলা ভার্সেস মেগালন’ ছিল এই সময়কার নির্মিত আলোচিত কিছু সিনেমা।