‘কেন ওরা রাজনীতিতে গেল, ববিতার প্রশ্ন

শিল্পীদের রাজনীতিতে জড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। একুশে পদক প্রাপ্তির পর জাতীয় দৈনিক ‘প্রথম আলো’তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি মনে করি, শিল্পীদের একেবারেই রাজনীতিতে জড়ানো উচিত নয়। একজন শিল্পী যেভাবে কাজ করেছেন, পুরস্কার ও সম্মাননা পেয়েছেন, একটা সময় দেশের মানুষ তাদের অনেক ভালোবাসেন। কিন্তু যে মুহূর্তে শিল্পী রাজনীতিতে জড়ান, সব কিছু জিরো হয়ে যায়। এ সময় তিনি একুশে পদক প্রাপ্তির জন্য ভক্ত-দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘‘ভক্ত-দর্শকের ভালোবাসায় আমি ববিতা হয়েছি, একটা পর্যায়ে পৌঁছেছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সাক্ষাৎকারে শিল্পীদের রাজনীতিতে জড়ানোর নেতিবাচক দিক তুলে ধরে ববিতা বলেন, “শিল্পী সবসময় শিল্পী। সে রাজনীতি সচেতন হবে, কিন্তু কেন সে রাজনীতি করবে? এটা আমার খুব অপছন্দ। যে যা-ই বলুক, আমার একটাই কথা শিল্পীরা কখনোই রাজনীতিতে যাবে না। এ সময় তিনি অভিনেতা রিয়াজ ও ফেরদৌসের প্রসঙ্গ টেনে বলেন, “এই যে দেখেন রিয়াজ, ফেরদৌসসহ আরও কে কে তো শিল্পী হিসেবে ভালোই ছিল। কেন ওরা রাজনীতিতে গেল! রিয়াজ এখন পালিয়ে বেড়াচ্ছে কেন? রাজনীতি এমন একটা জায়গা, এখানে কাল কী হবে কেউ বলতে পারে না। এসব কারণে শিল্পী হিসেবে মানুষ তার নাম ভুলে যাচ্ছে। ববিতা মনে করেন একজন শিল্পীর গ্রহণযোগ্যতা রাজনীতিবিদের চেয়েও বেশি। তিনি বলেন, “যত দিন দল ক্ষমতায়, রাজনীতিবিদ তত দিন শক্তিশালী।
যে মুহূর্তে দল ক্ষমতায় নাই, রাজনীতিবিদের সবকিছু তখনই শেষ। কিন্তু একজন শিল্পীর ক্ষমতা সবসময় থেকে যাবে, যত দিন যাবে বাড়বে। উল্লেখ্য গত ৫ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চলতি বছর একুশে পদক প্রাপ্তদের নাম ঘোষণা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ববিতা একুশে পদক চলচ্চিত্রকার, সাহিত্যিক জহির রায়হানকে উৎসর্গ করেছেন।