কেনিয়ায় ভারী বৃষ্টিতে বন্যা; ভূমিধসে ১৮ জনের প্রাণহানি
ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে কেনিয়ার বিভিন্ন স্থানে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে দেশটির মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলীয় কাউন্টিগুলোতে। স্থানীয় কর্তৃপক্ষ রবিবার জানিয়েছে, একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে থারাকা নিথি, এলজিও-মারাকওয়েট এবং কিয়াম্বু কাউন্টিতে। এতে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে জনগণকে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ভূমিধস ও কাদার স্রোতে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে। পাশাপাশি অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এদিকে সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাজধানী নাইরোবির বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও কোমরসমান পানির মধ্যে দিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। বৃষ্টির কারণে রাস্তার বেহাল দশার প্রতিবাদে রবিবার শহরের মাকোঙ্গেনি ও রুয়াই এলাকার ব্যবসায়ীরা বিক্ষোভ করেছেন। তাদের অভিযোগ, এতে করে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।