কারিগরি ত্রুটির মধ্যেই ২০২৬ বিশ্বকাপের শেষ ধাপের টিকিট বিক্রি শুরু

২০২৬ ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের চূড়ান্ত তালিকা প্রকাশের পর শেষ ধাপের টিকিট বিক্রি শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার টিকিট বিক্রি পুনরায় চালু হলে আগ্রহীরা প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার ৪৮ দলের চূড়ান্ত তালিকা প্রকাশের পর টিকিট বিক্রি শুরু করা হয়। তবে কোন ম্যাচ বা কোন ক্যাটাগরির টিকিট পাওয়া যাবে তা উল্লেখ করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। অনেক ব্যবহারকারী ১ এপ্রিল ‘লাস্ট-মিনিট’ বিক্রির ধাপটি চালু হওয়ার পর সাইটে প্রবেশ করতে পারেননি। যারা প্রবেশ করতে পেরেছেন তারাও নানা বিড়ম্বনার শিকার হয়েছেন। এতে অনেক ক্রেতাকে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়েছে। কেউ কেউ শুরুতেই সাইটে প্রবেশ করেও ৯০ মিনিট পর্যন্ত অপেক্ষা করে টিকিট কেনার সুযোগ পাননি। প্রযুক্তিগত বিভ্রাট সম্পর্কে ফিফা তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি। তবে তারা জানায়, লিংকগুলো সঠিকভাবে কাজ করছিল। এ ছাড়াও সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য ১০৪টি ম্যাচের অবশিষ্ট সব টিকিট একসঙ্গে বিক্রি করা হচ্ছে না। এটি টিকিট বিক্রির শেষ আনুষ্ঠানিক ধাপ। তবে ধাপে ধাপে আরো টিকিট ছাড়া হবে। এর আগের ধাপগুলোতে ৫০ কোটির বেশি আবেদন থেকে ১০ লক্ষের বেশি টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি স্টেডিয়ামের ধারণক্ষমতার ওপর নির্ভর করে প্রায় ৭০ লাখ টিকিট বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।