উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে আর্সেনাল
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্সেনাল। শেষ ষোলোর ফিরতি লেগে জার্মানির বায়ার লেভারকুসেনকে ২-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেছে মিকেল আর্তেতার দল। গ্তকাল রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিকরা। বল দখলে লেভারকুসেন এগিয়ে থাকলেও সুযোগ তৈরিতে অনেকটাই এগিয়ে ছিল আর্সেনাল। পুরো ম্যাচে ২০টি শট নেয় তারা, যার মধ্যে ১৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে লেভারকুসেনের ১০টি শটের মধ্যে মাত্র দুটি লক্ষ্যে রাখতে পারে।
প্রথমার্ধে একের পর এক আক্রমণ চালিয়েও গোল পাচ্ছিল না আর্সেনাল। তবে ৩৬ মিনিটে জট খোলে। লিয়েন্দ্রো ট্রোসার্ডের বাড়ানো পাস পেয়ে এবেরেশি এজের শটে বল জালে জড়ায়। চ্যাম্পিয়ন্স লিগে এটি ছিল তার প্রথম গোল। বিরতির আগে আর গোল না হলেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের হাতেই।
দ্বিতীয়ার্ধে লেভারকুসেন সমতা ফেরাতে চেষ্টা করলেও আর্সেনালের রক্ষণ ছিল দৃঢ়। ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেকলান রাইস। মাঝমাঠ থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার জোরালো শট পোস্ট ছুঁয়ে জালে ঢুকে গেলে ম্যাচ প্রায় নিশ্চিত হয়ে যায়। শেষদিকে কয়েকটি আক্রমণ করেও গোল করতে পারেনি লেভারকুসেন। ফলে ফিরতি লেগে ২-০ এবং দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় জার্মান ক্লাবটি।
কোয়ার্টার ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ পর্তুগালের স্পোর্টিং সিপি। তারা নরওয়ের বোডো গ্লিমটকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে। আগামী ৮ এপ্রিল শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই।