ঈদ উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

জানা গেছে, আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। পরে ২৮ মার্চ থেকে বন্দরের কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে চালু হবে।

সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান এবং পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরে আগে থেকে থাকা পণ্যবাহী ট্রাকগুলোতে লোড-আনলোড, পরিবহনসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে।

অন্যদিকে স্থলবন্দর ইমিগ্রেশন কর্মকর্তা এসআই জামিরুল ইসলাম বলেন, ছুটির সময়েও সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত স্বাভাবিকভাবে চলবে।