ইরানের হামলায় আরও ১৯২ জন ইসরায়েলি আহত
যুক্তরাষ্ট্র ও ইসরাইল জোটের বিমান হামলার জবাবে পাল্টা মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তাদের হামলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯২ জন ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন। আজ ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টার মধ্যে ১৯২ জন আহত ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা মাঝারি ধরনের গুরুতর। বাকিদের আঘাত তুলনামূলকভাবে কম।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৩৭২৭ জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, দখলদার ইসরাইলের ওপর ইরানের মিসাইল হামলা এখনো চলমান রয়েছে। ইরানের মুহুর্মুহু মিসাইল হামলায় ইহুদিবাদী ভূখণ্ডের মধ্য ও দক্ষিণাঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে ইরান দাবি করেছে, লারিজানির হত্যার প্রতিশোধ হিসেবেই এসব হামলা চালানো হয়েছে।
দেশটির গণমাধ্যম জানিয়েছে, হামলার পর মধ্য ইসরায়েলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সতর্কতা জারির পর মধ্য ইসরায়েলের গুশ দান এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। অন্তত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এ সময় ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে কিছু বিস্ফোরণ ঘটেছে। হোলন শহরে ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটিতে আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে, একই গণমাধ্যম জানিয়েছে, সর্বশেষ হামলায় মধ্য ইসরায়েলের কাফর কাসেম শহরের অন্তত চারটি স্থানে বিস্ফোরণ ঘটেছে। এতে ব্যাপক সম্পদের ক্ষতি হয়েছে। একটি স্থানে আতঙ্কে অসুস্থ হয়ে পড়া দু’জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।