ইফতারে রাখতে পারেন তরমুজের স্মুদি

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে শরীরকে দ্রুত সতেজ করতে প্রয়োজন পানিসমৃদ্ধ ও পুষ্টিকর খাবার। এ সময় তরমুজের স্মুদি হতে পারে দারুণ একটি পানীয়। তরমুজে প্রচুর পানি, ভিটামিন ও খনিজ উপাদান থাকায় এটি শরীরকে দ্রুত হাইড্রেট করে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। তরমুজে থাকা ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। পাশাপাশি এতে থাকা প্রাকৃতিক মিষ্টতা ইফতারের সময় শরীরে দ্রুত শক্তি জোগায়। তাই এই গরমে ইফতারের তালিকায় রাখতে পারেন তরমুজের স্মুদি।

যেসব উপকরণ লাগবে
তরমুজ কিউব করে কাটা ২ কাপ
ঠান্ডা দুধ আধা কাপ
দই আধা কাপ
মধু বা চিনি ১-২ চা চামচ (স্বাদ অনুযায়ী)
বরফ কুচি কয়েকটি
সামান্য পুদিনা পাতা (ঐচ্ছিক)

যেভাবে তৈরি করবেন
প্রথমে তরমুজের বীজ ফেলে ছোট ছোট টুকরো করে নিন। এরপর ব্লেন্ডারে তরমুজ, দুধ, দই, মধু বা চিনি এবং বরফ কুচি একসঙ্গে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। মিশ্রণটি মসৃণ হয়ে গেলে গ্লাসে ঢেলে ওপরে সামান্য পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।